সবাই যখন ব্যস্ত যে যার মতে
যে যার নিজের মোবাইলে
শহর তখন প্রেমে আকুল হয়
নিজেকে সে সাজিয়ে তুলতে চায়
ভীষণ লালের কৃষ্ণচূড়া নেয়
হলুদ রঙের রাধা, কল্কে
বেগুনী রঙের গুঁড়ো গুঁড়ো ফুল
সবজে সাদা আমের বোল
সাদা রঙের কাঁঠালীচাঁপা তাও।
সব মিলিয়ে ভীষণ রকম সাজে
গরম রোদে কিরম বেমানান
সবাই তবু ব্যস্ত যে যার মত
কেউ দেখে না বীভৎস সে সাজ
অভিমানে মাথা ঝাঁকায় শহর
গালি দেয় নিজের বোকামিকে
কেন এমন প্রেম চাইলো সে
সব ভেঙে চুরে ফেলতে চায়
উথালপাথাল রাগ আসে তার
রাজপথে ইতিউতি পড়ে থাকে
লাল হলুদ সাদা সবুজ বেগনি সব রঙেরা
ভাবে এসপার ওসপার করবে আজ, আজই
চোখ ফেটে জল আসে তার
আসন্ন বিচ্ছেদের বেদনায়।
ছেঁড়া সাজ নিয়ে কুঁকড়ে পড়ে থাকে
অভিমানী শীতার্ত প্রেমিক আমারি
আমি তখন ব্যস্ত আমার মতে
মোবাইলে পাসওয়ার্ড রাখি কালবৈশাখী।
April 25th, 2018
April 25th, 2018
No comments:
Post a Comment